শিরোনাম

রংপুর, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : রংপুরে ভুয়া চিকিৎসা কার্যক্রম পরিচালনাকালে রেজাউল করিম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলার বদরগঞ্জ উপজেলার মাস্টার পাড়ায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে জরিমানা করা হয়।
আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বদরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শাহাদাৎ হোসেন। তাকে সার্বিক সহযোগিতা করেন বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশেকুল আরেফিন।
আদালত সূত্র জানায়, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন, ২০১০-এর ২২ ধারা অনুযায়ী কোনো ধরনের বৈধ লাইসেন্স বা নিবন্ধন ছাড়াই চিকিৎসা কার্যক্রম পরিচালনা এবং সিরাপসহ বিভিন্ন ওষুধ মিশ্রণ করে বিক্রির অভিযোগে রেজাউল করিমকে দোষী সাব্যস্ত করা হয়।
স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশেকুল আরেফিন বলেন, দীর্ঘদিন ধরে চিকিৎসা সনদ ছাড়াই রেজাউল করিম শিশুসহ বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে আসছিলেন। পাশাপাশি তিনি বিভিন্ন ওষুধ মিশ্রণ করে রোগীদের সরবরাহ করতেন, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের অনিয়ন্ত্রিত চিকিৎসা কার্যক্রম কিডনি বিকল হওয়াসহ গুরুতর স্বাস্থ্য জটিলতার কারণ হতে পারে।
তিনি আরও জানান, এর আগেও রেজাউল করিমের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছিল। ভবিষ্যতে তিনি এ ধরনের অবৈধ চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখলে তার বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।