বাসস
  ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৩

বিমানবন্দর থেকে ফ্রিজিংয়ের ব্যবস্থা করে প্রবাসীদের লাশ বাড়িতে পাঠানো হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী মঙ্গলবার রাজধানীতে প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসী কর্মীদের মৃতদেহ পরিবহনে অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন। ছবি : সংগৃহীত

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রবাসীদের লাশ বাংলাদেশে পৌঁছানোর পর বিমানবন্দরে ফ্রিজিংয়ের ব্যবস্থা করা হবে। পরে সেখান থেকে তাদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হবে।

গতকাল (মঙ্গলবার) রাজধানীতে প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসী কর্মীদের মৃতদেহ পরিবহনে অ্যাম্বুলেন্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধন নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। আগে তিনটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে কাজটি হত। এখন আরও দুটি যুক্ত করা হল।

মন্ত্রী আরও বলেন, এর মাধ্যমে শুধু ঢাকা নয়, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকেও এখন প্রবাসীদের লাশ বিনা খরচে পাঠানো যাবে।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নূরুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, বিদেশ যাওয়ার আগে প্রবাসীদের বিএমইটিতে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। এর মাধ্যমে প্রবাসীদের মৃত্যুর ক্ষেত্রে বিমানবন্দরে প্রত্যেক পরিবার ৩৫ হাজার টাকা এবং জনশক্তি ও প্রশিক্ষণ ব্যুরোর মাধ্যমে বিদেশ যাওয়ার ক্ষেত্রে ১৩ লাখ টাকার ফান্ড সুবিধা পাবে।

প্রতিমন্ত্রী বলেন, আগামী ছয় মাসের মধ্যে পর্যায়ক্রমে নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের যথাসাধ্য চেষ্টা করব।

মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর থেকেই প্রবাসীদের কল্যাণ এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রতিনিয়ত বিভিন্ন অংশীজনের সঙ্গে কাজ করছেন বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়ায় প্রবাসীদের লাশ এখন বিনামূল্যে দেশের যেকোনো প্রান্তে পাঠানো সম্ভব হবে। এর মাধ্যমে প্রবাসী কর্মীর পরিবারগুলোর দীর্ঘদিনের দাবি পূরণ হবে।

অনুষ্ঠানের আয়োজক ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড-এর মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া বলেন, নতুন অ্যাম্বুলেন্স সংযুক্তির ফলে প্রত্যেকটি বিমানবন্দর থেকে প্রবাসীদের লাশ সরকারিভাবে তাদের নিজ বাড়িতে পাঠানো যাবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয় এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।