বাসস
  ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৫

সিরাজগঞ্জে টপসয়েল কাটায় ভ্রাম্যমাণ আদালতের ১৪ জনকে কারাদণ্ড

সিরাজগঞ্জ, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার রায়গঞ্জ উপজেলায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল ও মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত ১৪ জনকে কারাদণ্ড দিয়েছেন। এসময় ৭টি ডাম্প ট্রাক জব্দ করা হয়, যার মধ্যে ৬টি  নম্বরপ্লেটবিহীন।

আজ বুধবার দুপুর ১টার দিকে উপজেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি)  রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে আটককৃত ১৪ জনের মধ্যে একজনকে ৪ মাস, ১২ জনকে ২ মাস এবং একজনকে ১ মাসসহ মোট ২৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সুশান্ত কুমার সিং, মো. আসলাম, মেরাজুল, চন্দন বসাক, মো. রহমাতুল্লাহ, মো. শাহীন, মো. শাহাদাত হোসেন, মো. আবু তাহের, শামীম শেখ, খলিল মণ্ডল, মো. আইয়ুব আলী, মো. রাসেল হোসেন, মো. নাসিম ও মো. আব্দুল খালেক।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বাসসকে বলেন, কৃষিজমির উর্বরতা রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।