বাসস
  ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৩

লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেফতার

ছবি: বাসস

লালমনিরহাট, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার কালীগঞ্জে অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে সিম বিক্রি ও অবৈধ লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। 

গতকাল মঙ্গলবার গভীর রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে প্রথমে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী গ্রামে বাদশা মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ পরিচালনা এবং ভিন্ন ভিন্ন জাতীয় পরিচয়পত্রে নিবন্ধিত সিম ব্যবহার করে যুবকদের জুয়ার প্ল্যাটফর্মে যুক্ত করার প্রমাণ পাওয়া যায়।

এ সময় ঘটনাস্থল থেকে নাজমুল ইসলাম (২১), রফিকুল ইসলাম আকাশ (২০) ও মেহেদী হাসান (১৯) নামে তিনজনকে গ্রেফতার করা হয়। তারা সবাই স্থানীয় বাসিন্দা।

গ্রেফতারকৃতদের  দেয়া তথ্যের ভিত্তিতে ডিবি সদস্যরা পরে লতাবর ঢাকাইয়া টারী এলাকায় আরেকটি অভিযান চালান। সেখান থেকে আফছার আলী (২৩) ও আশরাফুল ইসলাম আরিফুল (২৪) নামে আরও দুজনকে গ্রেফতার করা হয়। আফছার আলীর বাড়ি নোয়াখালীর সুধারাম এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে ৬টি মোবাইল ফোন ও ৮২টি সিম কার্ড জব্দ করা হয়। জব্দকৃত মোবাইলগুলোতে একাধিক অনলাইন জুয়ার অ্যাপ ইনস্টল করা ছিল। উদ্ধার সিমগুলো দিয়ে নগদ ও বিকাশে একাধিক অ্যাকাউন্ট খোলা হয়েছিল এবং সেগুলোর মাধ্যমে লেনদেন চলত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাদ আহম্মেদ বলেন, এ ঘটনায় সাইবার সুরক্ষা আইনে কালীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অনলাইন জুয়ার মাধ্যমে তরুণদের টার্গেট করার অপচেষ্টা ঠেকাতে এ ধরনের অভিযান চলবে।