বাসস
  ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১১

কুষ্টিয়ায় খাল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

কুষ্টিয়া, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : কুষ্টিয়ার মিরপুরে খাল থেকে নিখোঁজ শিশু মহাম্মদ আলীর (৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ধুবইল ইউনিয়নের কাদেরপুর এলাকায় গঙ্গা-কপোতাক্ষ জিকে সেচ খাল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। শিশু মহাম্মদ আলী একই এলাকার রহমত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, গতকাল মঙ্গলবার দুপুরে ওই শিশু তার বাড়ির পাশে খেলতে গিয়ে একপর্যায়ে শিশুটি জিকে খালে পড়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। আজ খুলনা থেকে ডুবুরি দল এসে উদ্ধার তৎপরতা চালিয়ে সকাল সাড়ে ৯টার দিকে খালে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে। 

তথ্য নিশ্চিত করে মিরপুর থানার (ওসি) শহিদুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।