শিরোনাম

লক্ষ্মীপুর, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ১০টি ব্যবসা-প্রতিষ্ঠান। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা। মঙ্গলবার রাত ৯টার দিকে সদর উপজেলার কামারহাট এলাকায় গ্যাস সিলিন্ডার গোডাউন থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এই দূর্ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে আগুন নিভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়।
ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানায়, কামারহাট এলাকায় গ্যাস সিলিন্ডার গোডাউন (আলীফ এন্টার প্রাইজ) নামে প্রতিষ্ঠান থেকে রাতে হঠাৎ বিস্ফোরণ হয়। মুহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ছোট-বড় মিলে ১০টি ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে যায়। কিন্তু ব্যবসায়ীদের দাবী অন্তত ১৫টি ব্যবসা-প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন স্থানীয় ব্যবসায়ীয়রা। ক্ষতিগ্রস্ত ব্যবসার মধ্যে গ্যামেন্টস, মুদি,গ্যাস সিলিন্ডার গোডাউনসহ বিভিন্ন ধরনের ব্যবসা-প্রতিষ্ঠানও রয়েছে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার বলেন, আলীফ এন্টার প্রাইজ গ্যাস সিলিন্ডার গোডাউন থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এই দূর্ঘটনা ঘটে। তবে শুধুই যে আলীফ এন্টার প্রাইজ গ্যাস সিলিন্ডার বিক্রি করে তা নয়, জ্বালানী তেলও বিক্রি করেন। গ্যাস সিলিন্ডার ও জ্বালানী তৈলের কারণে আগুনের সুত্রপাত অনেক বেশি ছিল। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় ফায়ার সার্ভিসের একজন আহত হয়। ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলছে।