শিরোনাম

নোয়াখালী, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় আজ ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল ওহিদ (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের চর উমেদ গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আবদুল ওহিদ লক্ষ্মীপুর জেলার কমল নগর উপজেলার চর ফলকন ৩ নং ওয়ার্ডের মৃত সালামত উল্যাহর ছেলে। তিনি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চর উমেদ ৬ নং ওয়ার্ডে পরিবার নিয়ে বসবাস করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের চর উমেদ গ্রামে বাড়ির পাশে আবদুল ওহিদের ধানক্ষেত। সেখানে ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা পেতে খোলা তার টানা দিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখতেন। তিনি প্রতিরাতে ওই ফাঁদে রাতে বিদ্যুত সংযোগ দিয়ে সকালে তা বিচ্ছিন্ন করে রাখতেন। সোমবার দিবাগত রাতে বিদ্যুৎ সংযোগ দিলেও মঙ্গলবার সকালে তা বিচ্ছিন্ন করতে ভুলে যান ওহিদ। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ধানক্ষেতে গিয়ে আবদুল ওহিদ বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।