বাসস
  ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩২

কক্সবাজারে ৪০ হাজার পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : কক্সবাজারের টেকনাফের শাহপরী দ্বীপের কাছে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আজ মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী আজ মঙ্গলবার ভোর ৫ টায় কক্সবাজারের টেকনাফ থানাধীন জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে এক বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি করে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত মাদক পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।