বাসস
  ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩১

চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষিজমির মাটি কেটে বিক্রির দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড

চট্টগ্রাম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): জেলার সাতকানিয়ায় রাতের আঁধারে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

এ সময় আটটি মাটিকাটার যন্ত্র (এস্কেভেটর) ১৬টি ডাম্প ট্রাক বিকল করে দেয় সেনাবাহিনী।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটকদের ৩ মাসের কারাদণ্ড দিয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।  

এরআগে সাতকানিয়া উপজেলার পাঠানিপুল সংলগ্ন নয়াখাল এলাকায় সোমবার মধ্যরাত ১২টা থেকে রাত আড়াইটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজের নেতৃত্বে সেনাবাহিনী একটি টিম।

ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাকিবুজ্জামান শামীম পারভেজ জানান, আটককৃত দুই ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাটি কাটার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছেন। এ ছাড়াও ঘটনাস্থলেই আটটি এস্কেভেটর ও ১৬টি ডাম্প ট্রাক বিকল করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সুত্র জানায়, সেনাবাহিনী মাটি কাটায় জড়িত শাহাদাত হোসেন হৃদয় (২২) ও তপন দাশ (৪৫) নামে দুই ব্যক্তিকে আটক করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামানের কাছে হাজির করেন। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।

কারাদণ্ডপ্রাপ্ত শাহাদাত হোসেন হৃদয় চন্দনাইশ উপজেলার বাগিচাহাট এলাকার মো. আবুল হোসেনের ছেলে এবং তপন দাশ একই উপজেলার দক্ষিণ গাছবাড়িয়া পাল পাড়া এলাকার মুকুন্দ দাশের ছেলে।