শিরোনাম

গাইবান্ধা, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলার সাদুল্লাপুর উপজেলা শহরের কাছে শানা ফিলিং স্টেশন এলাকায় আজ বিকেলে এক সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রী নিহত এবং চারজন আহত হয়েছেন।
নিহতদের একজন হলেন উপজেলার জামালপুর ইউনিয়নের তরফবাজিত গ্রামের বেলাল হোসেনের পুত্র আল-আমিন (৩০)। এ রিপোর্ট লেখা পর্যন্ত অন্যজনের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি কাভার্ড ভ্যান সাদুল্লাপুর উপজেলা শহর থেকে গাইবান্ধা শহরের দিকে যাচ্ছিল।
কাভার্ড ভ্যানটি শানা ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে সিএনজিচালিত অটোরিকশাকে স্থান দেওয়ার সময় অটোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোর দুই যাত্রী নিহত এবং চারজন আহত হন।
এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে গুরুতর আহত দুইজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাইন-উল-ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছি। তবে নিহত একজন বাদে অন্য কারো পরিচয় জানা যায়নি।