শিরোনাম

টাঙ্গাইল, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলার গোপালপুর উপজেলায় ঘোড়া জবাই করে মাংস প্রস্তুতের সময় চারজনকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার দিবাগত মঙ্গলবার গভীর রাতে জেলার গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের চরের ভিটা গ্রামের বাসিন্দা মো. হাফিজুর রহমানের বসতবাড়িতে জবাই করার উদ্দেশ্যে ১২টি ঘোড়া একত্র করা হয়।
এরমধ্যে ৮টি ঘোড়া জবাই করে মাংস প্রস্তুত করছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে মাংস প্রস্তুত ও প্যাকেটজাত করার সময় চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
আটক ব্যক্তিরা হলেন, ঢাকার আশুলিয়া উপজেলার জামগড়া এলাকার হাসান হাওলাদারের ছেলে মো. হৃদয় (২৩), একই উপজেলার তৈয়বপুর এলাকার মৃত ওয়াজেদ আলীর ছেলে মো. সুমন (২০), ধনিয়া এলাকার মৃত আবু তাহেরের ছেলে মো. ফরহাদ (৩০) ও লালমনিরহাটের আদিতোমারী উপজেলার মোফাজ্জল হোসেনের ছেলে আমিনুল ইসলাম (২৪)।
গোপালপুর থানার (এসআই) আব্বাস উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসসকে জানান, খবর পেয়ে গোপালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে হেফাজতে নেয়। আটক চারজন ও উদ্ধার করা ঘোড়াগুলোর বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।