শিরোনাম

মুন্সীগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : মুন্সীগঞ্জে রমজান মাসে খাদ্য পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রেখেছে।
আজ মঙ্গলবার মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণ না করার দায়ে তিনটি ব্যবসায় প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর লৌহজং উপজেলার মালির অংক বাজারে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত অহিদুল ফ্রুট স্টোরের মালিক অহিদুল ঢালিকে ২ হাজার টাকা, শফিকুল ফল ভান্ডারের মালিক শফিকুল ঢালিকে ২ হাজার টাকা এবং সুকুমার স্টোরের মালিক সুকুমার মল্লিককে ২ হাজার টাকা জরিমানা করে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। তাকে সহযোগিতা করেন লৌহজং উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. নাজমুল ইসলাম এবং লৌহজং থানা পুলিশ।