শিরোনাম

মাদারীপুর, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): ইউরোপের দেশ ইতালিতে এক সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের ডাসার উপজেলার বেল্লাল বেপারী (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
গতকাল সোমবার সন্ধ্যায় নিহতের পরিবার বিষয়টি নিশ্চিত করেছে। বেল্লাল বেপারী উপজেলার পূর্ব খান্দুলী এলাকার ইউনুস বেপারীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সংসারের হাল ধরতে প্রায় ৯মাস আগে লিবিয়া হয়ে ইতালিতে পাড়ি জমান বেল্লাল। গত ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকালে মিলান শহরে সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
নিহতের চাচাতো ভাই বিএম রতন বেপারী জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন তিনি। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে ডাসার থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নিহতের পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়ে খোঁজ রাখা হচ্ছে।