বাসস
  ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৩১

মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন এ টি এম আজহার 

ছবি: বাসস

রংপুর, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম জনগণের জন্য গুণগত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘এই অঞ্চলের অসুস্থ মানুষের কল্যাণে স্বাস্থ্যসেবার জন্য সরকার প্রদত্ত বরাদ্দ সঠিকভাবে ব্যবহার করা হলে সাধারণ মানুষের কোনও দুর্ভোগ হবে না। বরং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব।’

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম সোমবার জেলার ২৫০ শয্যাবিশিষ্ট বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের উদ্দেশ্যে একথা বলেন।

পরে, বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আশেকুল আরেফিনের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আজহারুল ইসলাম স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগীদের চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন।

তিনি সবাইকে হাসপাতাল প্রাঙ্গণ সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

এ সময় স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে আজহারুল ইসলাম বদরগঞ্জ উপজেলা শহরের শহীদ মিনার প্রাঙ্গণে নগর পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।

পরে বিকেলে তিনি স্থানীয় রাধানগর ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত পীরপাল কলেজ মাঠে এক ইফতার মাহফিলে যোগ দেন।