শিরোনাম

চট্টগ্রাম, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাজিরহাট বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় সাত প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা তদারকি ও ভোক্তা স্বার্থ সংরক্ষণে বিভিন্ন দোকান পরিদর্শন করা হয়।
অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।
এ সময় মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, ট্রেড লাইসেন্স না থাকার অপরাধে ৭টি প্রতিষ্ঠানকে মোট ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বলেন, রমজানে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। কেউ যেন কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায় করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে তিনি জানান।