বাসস
  ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৩

জয়পুরহাটের ক্ষেতলালে ২৭ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

জয়পুরহাট, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : জেলার ক্ষেতলালে ২৭ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

গোয়েন্দা পুলিশ জানায়, আজ দুপুর ১২ টায় জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়ন এলাকা দিয়ে মোটরসাইকেলে করে গাঁজা বহন করে নিয়ে যাওয়ার সময়  সেখানে ওত পেতে থাকে। পরে একটি মোটর সাইকেলকে সন্দেহ হলে তাকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে তারা পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা মোটরসাইকেলটিকে আটক করে তাদের কাছ থেকে এক বস্তা গাঁজা উদ্ধার করে তা ইউনিয়ন পরিষদে জমা দেয় এবং মোটরসাইকেল আরোহী দুইজনকে আটক করে। পরবর্তীতে ঘটনাস্থলে গোয়েন্দা পুলিশ এসে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক মাদক ব্যবসায়ীদের বাড়ি রাজশাহী বলে প্রাথমিকভাবে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা ব্যবসায়ীদের গতিপথ লক্ষ্য করছিল পুলিশ। হঠাৎ মাদক ব্যবসায়ীরা পুলিশের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিছু পরে স্থানীয় জনগণ তাদের আটক করে বড়তাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২৭ কেজি মাদকদ্রব্য সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ হেফাজতে নেন। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।  

এ বিষয়ে বড়তারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, তিনি কিছু জানেন না। স্থানীয় লোকজন তাকে খবর দিলে তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আসেন এবং গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে দেখে পুলিশে খবর দিলে ডিবি পুলিশ ঘটনাস্থলে আসে এবং গাঁজাসহ তাদের আটক করে নিয়ে যান।