শিরোনাম

ঢাকা, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বাগেরহাটের শরণখোলা উপজেলায় ভুয়া এমবিবিএস ডিগ্রি ব্যবহার করে অবৈধভাবে চিকিৎসাসেবা প্রদানের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের জেলা কার্যালয়, বাগেরহাটের এনফোর্সমেন্ট টিম অভিযোগের ভিত্তিতে বাদল মার্কেট, পাঁচ রাস্তার মোড়ে অবস্থিত সংশ্লিষ্ট চিকিৎসকের চেম্বারে এ অভিযান চালায়।
অভিযানকালে রোগীদের নিকট থেকে সংগৃহীত একাধিক প্রেসক্রিপশনে দেখা যায়, তিনি বিভিন্ন ওষুধ লিখে দেওয়ার পাশাপাশি পরীক্ষা-নিরীক্ষার সুপারিশ করেছেন। জিজ্ঞাসাবাদে তিনি তার উল্লিখিত এমবিবিএস ডিগ্রির সনদের সত্যতা সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।
সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, তার কেবল প্রাথমিক চিকিৎসা দেওয়ার সীমিত এখতিয়ার রয়েছে, পরীক্ষা-নিরীক্ষা সুপারিশ করা তার ক্ষমতার বাইরে। দুদক টিম ভুয়া সনদসহ প্রয়োজনীয় নথিপত্র জব্দ করে এবং প্রাথমিক সত্যতা পাওয়ায় কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের সিদ্ধান্ত নেয়।
এদিকে ঢাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), ঢাকা মেট্রো-১ সার্কেল, মিরপুরে ভুয়া সনদে চাকরি গ্রহণসহ নানান অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন-এর প্রধান কার্যালয় থেকে পৃথক এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। টিম অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণ এবং নিয়োগসংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করেছে। নথিপত্র পর্যালোচনা শেষে কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।