বাসস
  ২২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৩

বাজার স্থিতিশীল রাখতে পিরোজপুরে অংশীজনদের সাথে মতবিনিময় সভা 

ছবি : বাসস

পিরোজপুর, ২২ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তা অধিকার নিশ্চিতকরণে জেলায় অংশীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসন আজ সকালে  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করে। জেলা প্রশাসক আবু সাঈদ সভায় সভাপতিত্ব করেন। 

জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিং জোরদার করা হবে। প্রতিটি দোকানে মূল্য তালিকা টানানো বাধ্যতামূলক করা হবে। পাইকারি ব্যবসায়ীরা যাতে পাকা রসিদ ছাড়া কোনো পণ্য ক্রয়-বিক্রয় করতে না পারে, সে বিষয়টি কঠোরভাবে তদারকির জন্য ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

বিক্রেতাদের পাশাপাশি ক্রেতাদেরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, রাষ্ট্র ও সমাজের কল্যাণে সবাইকে মানবিক আচরণ করতে হবে। এসময় তিনি ইসলামিক ফাউন্ডেশন-এর প্রতিনিধিকে মসজিদে মসজিদে খাদ্যে ভেজাল ও অতিরিক্ত মূল্য গ্রহণের কুফল সম্পর্কে মুসল্লিদের সচেতন করার আহ্বান জানান।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা এ সভায় উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, জেলা পুলিশের প্রতিনিধি, গোয়েন্দা সংস্থার সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাজহারুল ইসলাম সভা সঞ্চালনা করেন।