শিরোনাম

বান্দরবান, ২২ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ জাতীয় সংসদের ৩০০ নং আসনের (বান্দরবান পার্বত্য জেলা) নবনির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে সংবর্ধনা দেয়া হয়েছে।
আজ রোববার বিকালে বান্দরবানবাসীর আয়োজনে ঐতিহ্যবাহী রাজারমাঠ প্রাঙ্গণে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক মো. ওসমান গনি।
এ সময় জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক মুজিবুর রশীদ, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস, আব্দুল মাবুদ, মশিউর রহমান মিটন, সাচপ্রু, মো. জাহাঙ্গীর আলম সহ ছাত্রদল, যুবদল, শ্রমিকদল ও মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, পার্বত্য জেলা বান্দরবানে বসবাসরত সকল জাতিগোষ্ঠীর শান্তি ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে তিনি কাজ করবেন। সকল জাতিগোষ্ঠীর উন্নয়ন এবং সমবণ্টন নিশ্চিত করে বান্দরবানকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, “পার্বত্য এলাকার পানির সমস্যা দীর্ঘদিনের। এ সমস্যা সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে। পাশাপাশি দুর্গম ও পিছিয়েপড়া এলাকাগুলোতে উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত করা হবে।” তিনি বান্দরবানকে নতুনভাবে সাজাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এর আগে, দুপুরে সড়কপথে ঢাকা থেকে বান্দরবানে পৌঁছালে নবনির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।