বাসস
  ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৭

বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু 

ছবি : বাসস

‎‎বাগেরহাট ২২ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদের উদ্যোগে বাগেরহাট কোর্ট চত্বর ও জেলার ২৫০ শয্যা হাসপাতালে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।  

নব নির্বাচিত সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ আজ সকালে কোর্ট চত্বর থেকে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করেন৷ পরে একই কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। মাসব্যাপী এ কর্মসূচির আওতায় হাসপাতাল ও আশপাশের পরিবেশ, পৌরসভার বিভিন্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা আবর্জনা অপসারণ, ড্রেন পরিষ্কারসহ জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।  
‎‎
সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেন, মাসব্যাপী আমাদের পরিচ্ছন্নতা কর্মসূচি অব্যাহত থাকবে। প্রতিনিয়ত সব জায়গায় আমাদের এই কর্মসূচি চলবে। আমরা মনে করি, এই ময়লা আবর্জনার মতো করে আমাদের মধ্যেও যত ময়লা আবর্জনা সংক্রান্ত বিষয় আছে, মানুষের মধ্যে থেকে সেগুলো দূর হয়ে যাবে। পরিবেশ ভালো থাকলে মানুষের মন ভালো থাকবে।  সমাজের সবার জন্য চলাফেরা সহজ হবে।  মানুষের মধ্যে হানাহানি থাকবে না। মানুষের মধ্যে স্বচ্ছতা ফিরে আসবে।

তিনি বলেন, শুধু হাসপাতাল নয়, সব জায়গায় এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে চলবে। সবাইকে এতে অংশগ্রহণ করতে হবে। সবাই নিজের বাড়ির ময়লা নিজেরাই পরিষ্কার করবে। হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক আছেন, তার মাধ্যমে তার পরিচ্ছন্নতা কর্মীরা হাসপাতাল এলাকা পরিষ্কার করবে। অফিস আদালতের চত্বরে যারা আছেন। তারা তাদের দায়িত্ব পালন করে পরিষ্কার পরিচ্ছন্নতা  চালাবেন। হাসপাতালের পরিবেশ ও সেবার মান আরও উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম সমাদ্দার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা শামীম আহসান, জামাত নেতা অধ্যাপক শহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক চৌধুরী, একরামুল হকসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।