শিরোনাম

চাঁদপুর, ২২ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ রোববার দুপুওে চাঁদপুর শহরের বাবুরহাট বিসিক শিল্প নগরী এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, অভিযানকালে স্বাস্থ্যবিধি না মেনে সেমাই তৈরির অপরাধে নিউ চাঁদ ব্রেড এন্ড বিস্কুট কারখানা মালিককে ৮ হাজার টাকা, উৎপাদিত সেমাইয়ে খুচরা মূল্য উল্লেখ না থাকায় মেঘনা সেমাই কারখানা মালিককে ৫ হাজার টাকা, পণ্যের মোড়কে পূর্বের প্রতিষ্ঠানের ঠিকানা ব্যবহার করায় জি এস কনজুমার মালিককে ১০ হাজার টাকা, মূল্য তালিকা না থাকা ও খেজুরে তেল মিশিয়ে বিক্রয় করায় মীম এন্টারপ্রাইজ মালিককে ৫ হাজার টাকা এবং বিভিন্ন বিদেশি ব্রান্ডের প্যাকেটে খেজুর প্যাকেটজাত করার অপরাধে সুব্রত বাণিজ্যালয়ের মালিককে ৫ হাজার টাকাসহ মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কাজ থেকে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।