বাসস
  ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪৪

পরাজিত প্রতিদ্বন্দ্বীর বাড়িতে গিয়ে প্রশংসায় ভাসছেন নরসিংদীর এমপি খোকন

ছবি: বাসস

নরসিংদী, ২২ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): নরসিংদী-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খায়রুল কবির খোকন রাজনৈতিক সৌজন্য ও সহনশীলতার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ইব্রাহিম ভূঁইয়ার বাসায় ফুল নিয়ে হাজির হয়ে তিনি রাজনৈতিক প্রতিহিংসা ও সংঘাতের চিরাচরিত সংস্কৃতি ভাঙার বার্তা দিয়েছেন। ইব্রাহিম ভূইয়া নরসিংদী সদর উপজেলার চিনিশপুর এলাকার বাসিন্দা এবং খায়রুল কবির খোকনও একই এলাকার বাসিন্দা। 

আজ দুপুরে তিনি এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন। ফুল বিনিময়ের পর দুই নেতা একে অপরকে আলিঙ্গন করেন। নির্বাচনী মাঠে তুমুল প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফলাফল ঘোষণার পর এই আন্তরিকতা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে এবং ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

এ সময় উভয় দলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

সাক্ষাৎকালে ইব্রাহিম ভূঁইয়া বলেন, ‘খোকন ভাই আমার বাসায় এসেছেন, এটি জেলার রাজনীতিতে একটি টার্নিং পয়েন্ট হয়ে থাকবে। তিনি যে মহানুভবতার পরিচয় দিয়েছেন, তার জন্য আমি ও আমার পরিবারের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই।’

তিনি ভবিষ্যতে এলাকার মানুষের কল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন।

খায়রুল কবির খোকন বলেন, ‘নির্বাচন একটি গণতান্ত্রিক উৎসব। আমরা প্রতিবেশী হিসেবে বছরের পর বছর একসঙ্গে বসবাস করছি। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু নরসিংদীর উন্নয়নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব।’

তিনি আরও বলেন, অতীতে প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার যে রাজনৈতিক সংস্কৃতি চালু ছিল, তার পরিবর্তে গণতান্ত্রিক ও গুণগত পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।