শিরোনাম

নীলফামারী, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন বাজানোর অপরাধে তিনটি যানবাহনকে (ট্রাক) সাড়ে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার দুপুরে জেলা সদরের বাইপাস সড়কে টুপামারী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর ইসলাম ও শেখ ইমাম মোশাররফ।
শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের উদ্যোগে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযান পরিচালনাকালে তিনটি যানবাহন থেকে ছয়টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ওই তিনটি যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন বাজানোর অপরাধে সাড়ে চার হাজার টাকা জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্তরা জরিমানার টাকা তাৎক্ষণিক পরিশোধ করেন। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।