বাসস
  ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৯

সুনামগঞ্জে সংসদ সদস্যদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় 

ছবি : বাসস

সুনামগঞ্জ, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের সংবর্ধনা ও মতবিনিময় সভা আজ জেলায় অনুষ্ঠিত হয়েছে। 

সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে আজ বিকেল ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। 

বক্তারা বলেন, বাংলাদেশ সরকার দীর্ঘ ১৭ বছর পর একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করেছে। আর এই সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেছে জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমরা সুনামগঞ্জের সকল সংসদ সদস্যরা ঐক্যবদ্বভাবে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করবো। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এক যুগ কাজ করছি। এজন্য প্রশাসনের সহযোগিতা বিশেষ প্রয়োজন। 

বক্তারা আরো বলেন, জেলায় কোনোভাবেই যেন চাঁদাবাজি, সন্ত্রাস, মানুষকে হয়রানি করা না হয় সে দিকে আমরা খেয়াল রাখবো। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়শা আক্তার এর সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন সুনামগঞ্জ ১-(তাহিরপুর-মধ্যনগর-জামালগঞ্জ-ধর্মপাশা) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ ৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের- সংসদ সদস্য কয়ছর এম আহমেদ, সুনামগঞ্জ ৪ আসনের (সদর-বিশ্বম্ভরপুর) সংসদ সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ ৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। 

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন পিপিএম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মাসুক আলম, অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, নাদির আহমদ, রেজাউল আহমেদ, আকবর আলী, সুহেল আহমেদসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিএনপির নেতাকর্মী সাংবাদিকবৃন্দ।