শিরোনাম

চুয়াডাঙ্গা, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় আজ মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার ও অগ্রিম পণ্য তৈরিসহ বিভিন্ন অনিয়মের দায়ে দু’টি বেকারীকে মোট দেড়লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ রোববার বেলা ১১টা থেকে ২ টা পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের দৌলতদিয়াড় ও রেলগেট বাজার এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসাবে আজ রোববার চুয়াডাঙ্গা শহরের দৌলতদিয়াড় ও রেলগেট বাজার এলাকায় অভিযানকালে বেকারীতে ব্যবহৃত ডালডাতে মরা ইঁদুর, মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার ও অগ্রিম বেকারী পণ্য তৈরির দায়ে মো. সাইদুর রহমানের মালিকাধীন বেকারী মেসার্স মৌসুমী ফুড প্রোডাক্টকে একলাখ টাকা জরিমানা করা হয়।
পৃথক আরও একটি অভিযানে মেয়াদোত্তীর্ণ পাউরুটি পুনরায় নতুনভাবে প্যাকেটজাত করার দায়ে মো. সাইদুল ইসলামের মালিকানাধীন অন্যানা ফুড প্রোডাক্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।