শিরোনাম

নড়াইল, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) বিশ্বাস জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ রোববার দুপুরে কালিয়া উপজেলা সদরের নিজ বাসভবন চত্ত্বরে এলাকাবাসী তাকে সংবর্ধনা জানান। এমপি নির্বাচিত হওয়ার পর নিজ এলাকায় বিপুলভাবে সংবর্ধিত হলেন তিনি। তার নিজ এলাকা কালিয়া উপজেলা সদরে এলে দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষ ছুটে আসেন। নবনির্বাচিত সংসদ সদস্যকে তারা ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান। বিশ্বাস জাহাঙ্গীর আলম এ সময় সবার সঙ্গে কুশল বিনিময় করেন ও ব্যক্তিগতভাবে খোঁজ খবর নেন।
বিশ্বাস জাহাঙ্গীর আলম উপস্থিত এলাকার মানুষের উদ্দেশে বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, আমিও আপনাদের সুখ-দুঃখের সঙ্গী হবো। আমি আপনাদের সেবক হয়ে থাকতে চাই। কেউ সন্ত্রাসী, চাঁদাবাজি করলে, ভূমিদখল ও কোনো প্রকার দুর্ণীতি করলে তাকে ছাড় দেয়া হবে না। এলাকার উন্নয়নে ইতিবাচক ও গঠনমূলক কাজ করবো।
কালিয়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ শিহাব হোসেন, বিএনপি নেতা রেজাই রাব্বি কামাল, উপজেলা যুবদলের আহবায়ক কামাল সিদ্দিকী, উপজেলা মহিলা দলের সভানেত্রী সুলতানা পারভীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক স.ম রাকিবুজ্জামান পাপ্পু।