বাসস
  ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৬

ঢাবি উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে নিয়াজ আহমদ খানের আবেদন

অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। ফাইল ছবি

ঢাকা, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ রোববার সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করে উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে তার মূল পদ উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড-১ অধ্যাপকের পদে ফেরার জন্য রাষ্ট্রপতি বরাবর আবেদনপত্র জমা দিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ১০ ফেব্রুয়ারি এক বিশেষ সংবাদ সম্মেলনে প্রদত্ত বক্তব্যের ধারাবাহিকতায় অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে এই আবেদনপত্র পেশ করলেন।

এসময় শিক্ষামন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং সম্ভাবনা, শিক্ষা ও গবেষণার উন্নয়নে করণীয়সহ বিভিন্ন বিষয়ে উপাচার্যের মতামত জানতে চান এবং এক্ষেত্রে  তার সহযোগিতা কামনা করেন।

উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা, ক্যাম্পাসের নিরাপত্তা ও স্থিতিশীলতাসহ বিভিন্ন বিষয়ে শিক্ষামন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বৃহত্তর শিক্ষাখাতের উন্নয়নে অব্যাহতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

শিক্ষামন্ত্রী দেশের একটি ক্রান্তিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অসামান্য অবদান রাখায় উপাচার্যকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।