শিরোনাম

লালমনিরহাট, ২২ ফেব্রয়ারি, ২০২৬ (বাসস) : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, লালমনিরহাট জেলায় আগামী ১৮০ দিনের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হয়েছে।
আজ রোববার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজীব প্রধান এবং লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মো. রোকন উদ্দীন বাবুল।
মন্ত্রী জানান, জেলা পর্যায়ে এটি তাঁর প্রথম মতবিনিময় সভা। সভায় কর্মকর্তাদের ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ২৮ তারিখের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রস্তাবনা আকারে পরিকল্পনা জমা দেবে। সেগুলো পর্যালোচনা করে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
তিনি জানান, প্রাথমিক আলোচনায় বুড়িমারী এক্সপ্রেস ট্রেন যেন সরাসরি বুড়িমারী থেকে চালু করা যায়—তা ১৮০ দিনের কর্মসূচির অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করা হবে। এছাড়া মাদক ও মোবাইল ক্যাসিনো নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়ে প্রশাসনকে বলা হয়েছে।
ত্রাণ মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে ঘোষিত বিমানবন্দর পুনরায় চালু, ফোরলেন সড়ক, অর্থনৈতিক অঞ্চল এবং তিস্তা মহাপরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলো নিয়েও আলোচনা হয়েছে। এসব বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দ্রুত অগ্রগতি নিশ্চিত করা হবে।
এক প্রশ্নের জবাবে তিনি ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম সম্পর্কে জানান, পাইলট প্রকল্পের আওতায় দেশের আটটি উপজেলায় আসন্ন ঈদের আগেই পরীক্ষামূলকভাবে এটি চালু করা হবে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকার হতদরিদ্র পরিবারকে এই সুবিধার আওতায় আনা হবে।
আসাদুল হাবিব দুলু বলেন, এটি একটি বৃহৎ প্রকল্প। ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে দেশের সকল হতদরিদ্র পরিবারকে এই কর্মসূচির অন্তর্ভুক্ত করা হবে।