বাসস
  ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৫
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৩

বরগুনায় অস্ত্রসহ কিশোরগ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার

বরগুনা, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার  গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ কিশোরগ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল শনিবার রাতে  দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-(সেবা) এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ইব্রাহীম ও অতিরিক্ত  জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে গতকাল   রাতে   জেলা সদর থানার ধানসিঁড়ি সড়ক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো,  ইব্রাহিম হোসেন কালু (২৭), রাজন(২০),  আল আমিন (১৯),  শাকিল (২৪)।তাদের বাড়ি বরগুনা সদর ও পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ইব্রাহিম হোসেন (কালু) তার ব্যবহৃত ফেসবুক আইডির মাধ্যমে কিশোর গ্যাংয়ের কার্যক্রম পরিচালনা এবং দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি ও মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের কথা নিজেই স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এছাড়া গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে বরগুনা সদর থানায় পূর্বে একাধিক মারামারি, হামলা ও হত্যাচেষ্টা সংক্রান্ত মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এসআই সুশীল কুমার দাস বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।