বাসস
  ২১ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৭

সিলেটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ছবি : বাসস

সিলেট, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : যথাযোগ্য মর্যাদায় সিলেটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

আজ শনিবার একুশের প্রথম প্রহরে নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন নবনিযুক্ত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় সিলেট সফররত মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীও পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে বিভাগীয় ও জেলা প্রশাসন, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সকল শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখা হয়।

দিবসটি উপলক্ষে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন, ছড়া, কবিতা, ভাষার গান ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।

এ ছাড়া মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া-মাহফিল ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

সিলেট নগরীর ওসমানী শিশু পার্ক ও ওসমানী জাদুঘর আজ সারাদিন শিশু-কিশোর, শিক্ষার্থী, বৃদ্ধ ও অটিস্টিক শিশুদের জন্য উন্মুক্ত রাখা হয়।