বাসস
  ২১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪১

চট্টগ্রামে ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

চট্টগ্রাম, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : চট্টগ্রামের সীতাকুণ্ড থানার শীতলপুর এলাকায় বিএম কন্টেইনার ডিপোর সামনে থেকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতার আব্দুর রহিম ওরফে সজিব (৩৫) ফেনী সদর থানার উত্তর চারিপুর এলাকার আব্দুল হাই-এর ছেলে।

শনিবার র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরোয়ানাভুক্ত পলাতক আসামি আব্দুর রহিম ওরফে সজিব সীতাকুণ্ড থানাধীন শীতলপুর এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর আড়াইটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
 
ফেনী সদর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আদালত আব্দুর রহিম সজিবকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।