শিরোনাম

সাতক্ষীরা, ২১ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, ঔষধ, মোটরসাইকেল ও পাতার বিড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সাতক্ষীরা ও কলারোয়া উপজেলার ভোমরা, গাজীপুর, কাকডাঙ্গা, মাদরা ও বাঁকাল চেকপোষ্ট বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে আজ শনিবার এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার গাজীপুর নামক স্থান হতে ভারতীয় ঔষধ, ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার লক্ষীদাড়ি নামক স্থান হতে মোটরসাইকেল এবং কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি নামক স্থান হতে ভারতীয় শাড়ি জব্দ করে।
এছাড়া, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালি নামক স্থান হতে ভারতীয় ঔষধ এবং বাঁকাল চেকপোষ্ট এর বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর নামক স্থান হতে ভারতীয় পাতার বিড়ি জব্দ করে।
জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য পাঁচ লাখ উনসত্তর হাজার ৫০০ টাকা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাসসকে জানান, জব্দকৃত ভারতীয় মালামালগুলো সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। তিনি আরো জানান, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।