শিরোনাম

দিনাজপুর, ২১ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): দিনাজপুর ডিবি পুলিশ ও কোতয়ালী থানায় যৌথ অভিযানে আন্তঃ জেলা চোর চক্রের ২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে চুরি করা ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আজ শনিবার বিকাল সাড়ে ৪ টায় দিনাজপুর জেলা পুলিশ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বাসসকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার সারা রাত নীলফামারী সদর উপজেলা ও দিনাজপুরে চিরিরবন্দর উপজেলা থেকে পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন- জেলার খানসামা উপজেলার পাকেরহাট ফকিরপাড়া গ্রামের মো. সুরত আলীর পুত্র লিমন ইসলাম (২৫) ও চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর পাইকারপাড়া গ্রামের নবীউল ইসলামের পুত্র শাহীনুর ইসলাম (৩২)।
দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন জানান, দিনাজপুর ডিবি পুলিশ এবং কোতয়ালী থানা পুলিশের সমন্বিত একটি টিম এই সফল অভিযান চালিয়েছে। গত ২০২৫ সালের ২২ ডিসেম্বর কোতয়ালী থানার একটি মামলা তদন্তকালে নীলফামারী সদর উপজেলার দালালের বাজার থেকে লিমন ইসলামকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে চিরিরবন্দর উপজেলার নিজ বাসা থেকে শাহীনুর ইসলামকে গ্রেফতার করা হয়। তদন্তকালে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পার্বতীপুর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের সোনাপুকুর গ্রামের মো. বাদশার বাড়ি থেকে ২টি চোরাই মোটরসাইকেল ও রংপুর মেট্রোপলিটন এলাকার তাজহাট থানার কলেজপাড়ার জুয়েলের নিকট থেকে ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশের সূত্রটি জানায়, আজ শনিবার সন্ধ্যায় গ্রেফতারকৃত দুজনকে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। বিচারক তাদের রিমান্ড মঞ্জুর করলে, জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল চোর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার করা সম্ভব হবে বলে আশ্বস্ত করেন।