শিরোনাম

ফরিদপুর, ২১ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ফরিদপুরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার রাত ১২টা ১ মিনিটে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। পরে জেলা প্রশাসন, জেলা পুলিশসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান।
অপরদিকে, সকালে সদরপুরে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
শ্রদ্ধা নিবেদন শেষে সংসদ সদস্য বলেন, এবারের একুশে ফেব্রুয়ারি পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে; বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের একসঙ্গে শ্রদ্ধা জানানো ইতিবাচক দৃষ্টান্ত।