বাসস
  ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৬

সুনামগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

শনিবার জেলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ছবি : বাসস

সুনামগঞ্জ, ২১ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে আজ সকাল ১১ টায় এ সভা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন পিপিএম, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পিপি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক জাকির হোসেন, বীর মুক্তিযোদ্বা নুরুল মোমেন প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষাভাষী মানুষের জন্য একটি বিশেষ দিন। ১৯৫২ সালের এ দিনে বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা অনেকেই। ২১ ফেব্রুয়ারি বাংলাদেশসহ সব বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও স্বীকৃত। 

তিনি বলেন, বাঙালির ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন। ১৯৫২ সালের এ দিনে বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশ গুলিবর্ষণ করে। এতে অনেক তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম হলো রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকতসহ অনেকেই। এজন্য এ দিনটি শহীদ দিবস। আমরা যথাযোগ্য মর্যাদায় এই দিনটি উদযাপন করি। তরুণ প্রজন্মকে এই দিনটি সম্পর্কে বেশি করে জানতে হবে। সভা শেষে শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।