বাসস
  ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৪

নরসিংদীতে গাড়ি চাপায় একজন নিহত

ছবি: বাসস

নরসিংদী, ২১ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলার শিবপুরে মসজিদে যাওয়ার সময় অজ্ঞাত গাড়ি চাপায় মসজিদের খাদেম নাসির উদ্দীন নাসু মুন্সী (৭৫) নিহত হয়েছেন। 

আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার ইটাখলার মনোহরদী আঞ্চলিক সড়কের উপজেলার বাজনাব বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাসির উদ্দীন নাসু মুন্সী বাজনাব চতলপাড়া এলাকার মৃত সানিস মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাজনাব বাসস্ট্যান্ড জামে মসজিদের খাদেম হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জীবদ্দশায় অবিবাহিত ছিলেন।

নিহতের স্বজনরা জানান, ভোর রাতে সেহেরি খেয়ে মসজিদে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত কোন এক গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি রাস্তা থেকে ছিটকে পাশের গর্তে পড়ে যান। এতে তিনি মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। 

সকালবেলা স্থানীয়রা রাস্তার পাশের গর্তে মরদেহ পড়ে থাকতে দেখে এগিয়ে যান। পরে তারা নিশ্চিত হন, নিহত ব্যক্তি এলাকার বাসিন্দা ও মসজিদের খাদেম। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং মরদেহ বাড়িতে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর মডেল থানার ওসি কোহিনূর মিয়া বলেন, ধারনা করা হচ্ছে, অজ্ঞাত গাড়ির চাপায় তার মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক তদন্ত শেষে পুলিশ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে।