বাসস
  ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৩

শরীয়তপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ছবি: বাসস

শরীয়তপুর, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : শরীয়তপুরে যথাযোগ্য মর্যাদা ও বিপুল ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে শুক্রবার দিবাগত রাত ১২টা ১মিনিটে শরীয়তপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, জেলা প্রশাসন ও রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক ও পেশাদার সংগঠনগুলো।

এসময় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জানান, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মো. সফিকুর রহমান কিরন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাইদ আহমেদ আসলাম, জেলা প্রশাসক তাহসিনা বেগম, পুলিশ সুপার রওনক জাহান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার একেএম নাসির উদ্দীন কালুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।

রাত ১২টা ১মিনিট থেকে গভীর রাত পর্যন্ত নানা শ্রেণি-পেশার মানুষ খালি পায়ে সারিবদ্ধভাবেভাবে হেঁটে এসে শহীদ মিনারে পুস্তক অর্পণ করেন। শরীয়তপুর জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, শরীয়তপুর প্রেসক্লাবসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।  জেলার সব কয়টি উপজেলা একই ধরনের কর্মসূচি পালিত হয়েছে।

এছাড়া সূর্যোদয়ের সাথে সাথে জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা ও এই জেলার ৪ জন জীবিত ভাষা সৈনিকদের সংবর্ধনার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক শরীয়তপুর মিজ তাহসিনা বেগম এর সভাপতিত্বে  এই সভায় জাতীয় সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি জনাব শফিকুর রহমান কিরন ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদ সদস্য জনাব সাইদ আহমেদ আসলাম আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। 

সভায় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সরদার নাসিরুদ্দিন কালু ,সাংবাদিক নেতা মজিবুর রহমানসহ অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।