বাসস
  ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৯

গোপালগঞ্জে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

ছবি : বাসস

গোপালগঞ্জ, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে গোপালগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে গোপালগঞ্জ পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়।

দিবসের প্রথম প্রহরে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে তারা ভাষা শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের পরপরই শহীদ মিনার চত্বরে মানুষের ঢল নামে। একে একে শ্রদ্ধা জানায় জেলা পরিষদ, পৌরসভা, গণপূর্ত বিভাগ ও এলজিইডি, জেলা বিএনপি ও অঙ্গসংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান।

শীত ও গভীর রাত উপেক্ষা করে শিশু থেকে বৃদ্ধ-সব বয়সী মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। সাধারণ মানুষ ভাষা শহীদদের বীরত্বগাথা নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। উপস্থিত অনেকে সর্বস্তরে বাংলা ভাষা চালুর জোরালো দাবি জানান।

এদিকে, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।