শিরোনাম

ফরিদপুর, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : রাজনৈতিক দল দেখে নয়, অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, বিএনপি, আওয়ামী লীগ বা জামায়াত না দেখে সকল অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দোষীদের আইনের আওতায় আনতে হবে, তারা যে দলের বা যে মতের হোক না কেনো।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ শুক্রবার বিকেলে ফরিদপুরে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরিদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমাদের যে সরকার গঠিত হয়েছে, সেটি জনগণের সরকার। জনগণের সেবা করাই আমাদের প্রধান দ্বায়িত্ব ও কর্তব্য। এ কারণে আপনাদের সকলকে জনগণের হয়ে কাজ করতে হবে।
এ সময় তিনি প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষ থেকে কাজ করার আহ্বান জানান
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
তিনি তার বক্তব্যে ফরিদপুর চারটি আসনে সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রশাসনের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, একটি স্বপ্নকে লক্ষ্য রেখে এ দেশের মানুষ রক্ত দিয়েছিল। আর সেই রক্তের বিনিময়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনাদের সহযোগিতার প্রয়োজন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম, সিভিল সার্জন মাহমুদুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম প্রমুখ।
সভায় পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, মাদক নিয়ন্ত্রণ জোরদার, ফরিদপুর-ভাঙ্গা আঞ্চলিক সড়ক চারলেনে উন্নীতকরণ, নদীভাঙনসহ জেলার বিভিন্ন উন্নয়ন ও জনস্বাথর্ সংশ্লিষ্ট উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন।