বাসস
  ০৪ জুলাই ২০২৬, ১৪:৩১
আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১৪:৩৬

ময়মনসিংহে বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি স্থাপনের সম্ভ্যাব্য স্থান পরিদর্শন

এ সময় সম্ভাব্য স্থান পরিদর্শন করেন এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ।ছবি : বাসস

ময়মনসিংহ, ৪ জুলাই, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ময়মনসিংহে বিভাগীয় স্টেডিয়াম ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) স্থাপনের সম্ভাব্য দু’টি স্থান পরিদর্শন করা হয়েছে। প্রত্যাশিত এ প্রতিষ্ঠানগুলো স্থাপিত হলে ক্রীড়াঙ্গনের বৈপ্লবিক উন্নয়নের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জীবনমানের উন্নয়ন ঘটবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

আজ শনিবার বেলা ১২টায় নগরীর বাইপাস বাদেকল্পা এবং উজান বাড়েরা এলাকায় সম্ভাব্য স্থান দুটি পরিদর্শন করা হয়।

এ সময় সম্ভাব্য স্থান দু’টির পারিপার্শ্বিক অবস্থান, যাতায়ত সুবিধা, ব্যায় সংকোচন নীতি, অনুন্নত এলাকার উন্নয়ন এবং ভূমি ব্যবস্থাপনার নানাদিক পর্যালোচনা করা হয়, বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আজিমুদ্দিন।

সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের নেতৃত্বে এই পরিদর্শন দলে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) প্রশাসক রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আজিমুদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব একেএম মাহাবুবুল আলম।

মউক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার জানান, বাইপাস সড়কের ক্যান্টনমেন্ট গেইট মাঝখানে রেখে উল্টোদিকের পাশাপাশি দু’টি স্থানে বিভাগীয় স্টেডিয়াম নির্মাণ ও বিকেএসপি স্থাপনের প্রাথমিক পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর ব্যায় সংকোচন নীতি অনুসরণ করতে হবে, বিষয়টি মাথায় রেখেই কাজ চলছে।

বতর্মান সরকার ময়মনসিংহের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন মসিক প্রশাসক রুকুনোজ্জামান রোকন। তিনি বলেন, বিভাগীয় স্টেডিয়াম, বিকেএসপি ছাড়াও ময়মনসিংহে পার্ক এবং নিরাময় কেন্দ্র স্থাপন করা হবে। এক্ষেত্রে প্রতিষ্ঠানিক উন্নয়নের মধ্যদিয়ে অনুন্নত এলাকার উন্নয়নের পাশাপাশি মানুষের জীবনমানেও ব্যাপক পরিবর্তন ঘটবে।

এবিষয়ে সদর আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্যদিয়ে ক্রিকেট ও ক্রীড়াঙ্গনের সুতিকাগার হিসাবে পরিচিত ময়মনসিংহের হারানো এতিহ্য ফিরিয়ে আনতে বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি স্থাপনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। স্থান নির্বাচন শেষে দ্রুত এর দৃশ্যমান অগ্রগতি হবে। 

তিনি আরো বলেন, আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে এ অঞ্চলের ক্রীড়াঙ্গনের প্রতিভা বিকাশ এবং জাতীয় পর্যায়ে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে।