বাসস
  ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৩

শেরপুরে বাজার মনিটরিং কমিটির তদারকি

ছবি : বাসস

শেরপুর, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের স্বস্তি নিশ্চিতে শেরপুরের ঝিনাইগাতীতে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করেছে উপজেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা বাজার মনিটরিং কমিটির উদ্যোগে সদর বাজার পরিদর্শন করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন এবং সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক।

পরিদর্শনকালে দোকানে পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙানো, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করা এবং অতিরিক্ত দাম আদায় থেকে বিরত থাকার বিষয়ে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে রমজান মাসে কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি, মজুতদারি কিংবা ভোক্তা স্বার্থবিরোধী কর্মকাণ্ড না করার জন্য সতর্ক করা হয়।

পরিদর্শনকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফায়েজুর রাজ্জাক আকন্দ, কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজিবুল হাসান, বণিক সমিতির সভাপতি মো. মোখলেছুর রহমান খান, পুলিশ সদস্যসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।