বাসস
  ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৯

বান্দরবানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসকের বাজার মনিটরিং

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ চেইন তদারকির লক্ষ্যে বান্দরবানে বাজার মনিটরিং করলেন জেলা প্রশাসক। ছবি: বাসস

বান্দরবান,১৯ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ চেইন তদারকির লক্ষ্যে বান্দরবানে বাজার মনিটরিং করলেন জেলা প্রশাসক।

আজ দুপুরে জেলা প্রশাসক শামীম আরা রিনির নেতৃত্বে জেলা প্রশাসনের একটি টিম শহরের প্রধান বাজার এলাকায় মনিটরিং কার্যক্রম পরিচালনা করে। মনিটরিংকালে ফলের দোকান, মুদি দোকান, শাক-সবজি ও মাছ-মাংসের দোকান পরিদর্শন করা হয়। এ সময় ক্রেতাদের সঠিক ওজন প্রদান, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি বন্ধ রাখা, পণ্যের দৈনিক মূল্য তালিকা টানানো এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করার বিষয়ে ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসক শামীম আরা রিনি ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, কোনো ধরনের ভেজাল পণ্য বিক্রি, ওজনে কম দেওয়া বা অতিরিক্ত মূল্য আদায় করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া দত্ত, নির্বাহী ম্যাজিস্ট্রেট গোপা বিশ্বাস, স্যানিটারি ইন্সপেক্টর মো. নুরউদ্দিনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাস জুড়ে এ ধরনের বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।