শিরোনাম

চট্টগ্রাম, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি পালনের চেষ্টার সময় চট্টগ্রামের লালদিঘী পাড় এলাকা থেকে কায়েদে আজম বাচ্চু (২৬) নামে সংগঠনটির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বিষিয়টি নিশ্চিত করে বলেন, বুধবার দিবাগত রাতে নগরের লালদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, কোতোয়ালী থানাধীন লালদিঘীর পাড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা কার্যালয়ে ছাত্রলীগের কর্মসূচি পালনের পরিকল্পনার খবর জানা যায়। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কায়েদে আজম বাচ্চুকে দলীয় কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া রয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার কায়েদে আজম বাচ্চু জেলার লোহাগাড়া থানা এলাকার ছাত্রলীগের সক্রিয় সংগঠক। লোহাগাড়া থানায় তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয় এলাকায় পুলিশ মোতায়েন এবং নজরদারি বৃদ্ধি করা হয়েছে।