শিরোনাম

ঝিনাইদহ, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস):ঝিনাইদহে চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসনে সহায়তায় ব্যতিক্রমী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ফুটবল ম্যাচ থেকে অর্জিত অর্থ ঝিনাইদহ চক্ষু হাসপাতাল ও জেলার অন্ধ পুনর্বাসনে ব্যবহার করা হবে।
গতকাল বুধবার বিকেলে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ খেলার আয়োজন করা হয়।
ফুটবল ম্যাচ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল।
এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সেলিম রেজা, জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্রনাথ রায়, জেলা শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম খালিদ হোসনে, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) নারায়ণ চন্দ্র পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার নাথ, জেলা প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাবেক সভাপতি আসিফ কাজল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের সভাপতি মোয়াজ্জেম হোসন প্রমুখ।
এর আগে ফুটবল ম্যাচ ঘিরে দুপুর থেকেই জেলার ৬টি উপজেলা থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা স্টেডিয়ামে আসতে শুরু করে। বিকাল সাড়ে ৪টায় জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ফুটবল ম্যাচের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।
ঝিনাইদহ সদর, মহেশপুর ও শৈলকুপা উপজেলা (টিম-১) এবং হরিণাকুণ্ডু, কোটচাঁদপুর ও কালীগঞ্জ উপজেলা (টিম-২) নিয়ে গঠিত পৃথক দুটি টিম প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয়। খেলায় টাইব্রেকারে জয়লাভ করে হরিণাকুন্ডু, কালীগঞ্জ, কোটচাঁদপুর টিম।
এ ছাড়া খেলার মধ্য বিরতিতে দেশাত্মবোধক সংগীত ও নৃত্য পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমির ক্ষুদে শিল্পীরা।
প্রসঙ্গত, ফুটবল ম্যাচ উপভোগের জন্য সৌজন্য টিকিট মূল্য নির্ধারণ করা হয় ২০ টাকা।