শিরোনাম

কুমিল্লা, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): কুমিল্লা সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৯ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০ বিজিবি)।
আজ বৃহস্পতিবার বিকালে কুমিল্লা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ অভিযানের একপর্যায়ে সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে ধনপুর মাঠ এলাকায় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ এসব মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ডিসপ্লেগুলোর আনুমানিক বাজারমূল্য ৩৯ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমা দেওয়া হবে।
সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।