শিরোনাম

নওগাঁ, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলার আত্রাই উপজেলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২০ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আত্রাই কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হবে। ২১ ফেব্রুয়ারি বাদ আসর সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় সকল মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। স্কুল-কলেজ ও সরকারি অফিস-আদায়ের লক্ষ্যে অর্ধনমিত পতাকা উত্তোলন করা হবে। এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে র্যালি, পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও ভ্রাম্যমাণ চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. আলাউল ইসলাম বলেন, ২১ ফেব্রুয়ারি ২০২৬ উদযাপনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে রাজনৈতিক মতবিরোধ ভুলে দেশের স্বার্থে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. আলাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল চকলেট, কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. খায়রুল আলম, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পিএম কামরুজ্জামান, শিক্ষা কর্মকর্তা মাজহারুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ।