বাসস
  ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩০

রমজান উপলক্ষে টাঙ্গাইলে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার

পবিত্র মাহে রমন মাসে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে টাঙ্গাইলে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। ছবি : বাসস

টাঙ্গাইল, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): পবিত্র মাহে রমযান মাসে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে টাঙ্গাইলে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল শহরের পার্কবাজার এবং বটতলা বাজারে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

এই অভিযানের নেতৃত্ব দেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল, সেনেটারি ইন্সপেক্টর সাহিদা আক্তার এবং কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জলসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, আজ রমজানের প্রথম দিনের অভিযানে এক মাছ ব্যবসায়ী চাষের মাছকে নদীর মাছ বলে বিক্রি করার দায়ে দুই হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ মশলা বিক্রির দায় এক মুদি দোকানদারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় সব ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মিয়া বাসসকে জানান, রমযানের প্রথম দিনে আমরা বাজার তদারকিকালে মূল্য তালিকা প্রদর্শন, নির্ধারিত দামে পণ্য বিক্রি করতে ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করেছি। পুরো রমজান মাস জুড়ে আমাদের মনিটরিং কার্যক্রম আরো জোরদার থাকবে।