শিরোনাম

বগুড়া, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বগুড়ায় ‘তিনশো’ বছরের পুরোনো ঐতিহ্যবাহী খাউড়া মেলা বা ছোট সন্ন্যাসী মেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল থেকে শাজাহানপুর উপজেলার খোট্টপাড়া ইউনিয়নের জালশুকা খাউড়া দহ এলাকায় এ মেলা শুরু হয়। দিনব্যাপী এ মেলায় ছোট বড় তিন শতাধিক দোকান বসে।
মেলাকে কেন্দ্র করে জালশুকা, চান্দাই, নারিল্যা, খোট্টাপাড়া, বলদিপালান, চাঁচাইতারাসহ আশ পাশের এলাকার প্রতিটি বাড়ি আত্মীয়-স্বজনে ভরে উঠেছিল।
পোড়াদহ মেলার মত এই মেলারও প্রধান আকর্ষণ থাকে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ। নির্বাচনের একদিন পূর্বে তারিখ পড়ায় এবার পোড়াদহের মেলা অনুষ্ঠিত হয়নি। তাই ভিড় বাড়ে খাউড়া মেলায়।
এ মেলা থেকে বাঘাইড়, বোয়াল, কাতলা, রুই, বিগ হেড, ব্লাড কার্প মাছ কিনতে অনেকেই সারাবছর অপেক্ষা করেন।
এ বারের মেলায় সবচেয়ে বড় ৩০ কেজি ৫০০ গ্রাম ওজনের বাঘাইড় মাছ বিক্রি হয়েছে ৩৬ হাজার টাকায়।
এছাড়া কাতলা আকার ও ওজন ভেদে কেজি ৫০০ থেকে ৮০০ টাকা, বিগ হেড ৩৫০ থেকে ৭০০ টাকা, রুই ৪০০ থেকে ৫৫০ টাকা, পাঙ্গাস ২৫০ থেকে ৪০০ টাকা, ব্লাড কার্প ৩০০ থেকে ৭০০ টাকা, কার্প ২৫০ থেকে ৪৫০ টাকা, সিলভার ২০০ থেকে ৪০০ টাকা, বোয়াল ৬০০ থেকে ১০০০ টাকা এবং আইড় ১১০০ থেকে ১৪০০ টাকায় বিক্রি হয়েছে।
সারিয়াকান্দির মাছ ব্যবসায়ী নিতাই বলেন, রোজার আগের দিন তাই জামাই-ঝিদের দাওয়াত করেনি অনেকে। তবে প্রচুর মাছ আছে মেলায়। সকালে দাম বেশি হলেও বেলা গড়াতেই দাম কমে বিক্রি হচ্ছে।
দিনাজপুর থেকে আসা জালশুকা গ্রামে জামাই আব্দুল মজিদ জানান, ২০ বছর ধরে এ মেলায় আসেন। শ্বশুরবাড়ি থেকে কিছু টাকা পান, তার সাথে আরও নিজের টাকা দিয়ে মাছ মিষ্টি নিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া আনন্দ করেন।
মাছের পাশাপাশি মেলায় ছিল হরেক রকমের বাহারি মিষ্টি, খেলনা, চুরি-ফিতা, সংসারের ব্যবহার্য লোহার সামগ্রী, কাঠের আসবাবপত্র, হলুদ, পান খাওয়ার চুনসহ প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী। এবার মেলায় ৩ কেজি ওজনের মাছ আকৃতির মিষ্টি বিক্রি হয়েছে ৫০০ টাকা কেজি দরে।