শিরোনাম

খাগড়াছড়ি, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : পার্বত্য জেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ট্রাকসেলের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে।
জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ কার্যক্রম ইতোমধ্যে খাগড়াছড়ি সদরসহ বিভিন্ন উপজেলায় চালু হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী তালিকাভুক্ত ডিলারদের মাধ্যমে পণ্য বিক্রি করা হচ্ছে।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাওয়া তথ্যানুযায়ী, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে মার্চের প্রথমার্ধ পর্যন্ত পর্যায়ক্রমে এ বিক্রয় কার্যক্রম পরিচালিত হবে। তালিকায় খাগড়াছড়ি সদর উপজেলার পাশাপাশি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ উপজেলা ও বাজার এলাকাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর মধ্যে রয়েছে মাটিরাঙ্গা, দীঘিনালা, পানছড়ি, মহালছড়ি, লক্ষীছড়ি ও রামগড় উপজেলা। প্রতিটি এলাকায় নির্ধারিত বাজার বা জনবহুল স্থানে ট্রাকসেল পরিচালিত হচ্ছে, যাতে নিম্ন ও মধ্যআয়ের মানুষ সহজে পণ্য সংগ্রহ করতে পারেন। টিসিবির পণ্যগুলির মধ্যে ভোজ্যতেল, ডাল, চিনি, ছোলা রয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা জাবেদ কায়সার বলেন, ন্যায্যমূল্যে পণ্য বিক্রির মাধ্যমে বাজারে ইতিবাচক প্রভাব সৃষ্টি এবং কৃত্রিম সংকট রোধ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। তালিকাভুক্ত প্রতিটি ডিলারকে নির্ধারিত স্থানে ও নির্ধারিত সময়ে উপস্থিত থেকে বিক্রয় কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ট্যাগ অফিসাররা সরেজমিনে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।