শিরোনাম

কুমিল্লা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে আজ দুর্নীতিবিরোধী এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার নজরুল মিলনায়তনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’-এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানের আয়োজন করে দুর্নীতি দমন কমিশন-এর কুমিল্লা জেলা কার্যালয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুর রহমান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ এবং মুরাদনগর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বেলাল উদ্দিন আহমেদ।
উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। চূড়ান্ত পর্বে মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাঁচপুকুরিয়া উচ্চ বিদ্যালয়।
বিতর্ক প্রতিযোগিতার মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক ড. মনিরুজ্জামান। বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কোহিনুর বেগম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন ও কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক নুরজাহান বেগম।